কুমিল্লায় বিল্লাল হোসেন নামের বিএনপির এক বহিষ্কৃত নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তিনি সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় কুমিল্লা জেলা পরিষদ অফিস প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন কুমিল্লা নগরীর দুই নম্বর ওয়ার্ডের ছোটরা পূর্বপাড়া এলাকার বসু মিয়ার ছেলে। তিনি কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।
পুলিশ সূত্রে জানা যায়, বিল্লাল হোসেনের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। এর আগে ২০১৭ সালের হলফনামায় তার বিরুদ্ধে দায়ের করা ২০ মামলার তথ্য উল্লেখ রয়েছে। যার মধ্যে রয়েছে অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল বলেন, যৌথ বাহিনী তাকে (বিল্লাল হোসেন) আইনশৃঙ্খলা বিঘ্নকারী হিসেবে উল্লেখ করে গ্রেপ্তার করেছে। পরে আমাদের নিকট হস্তান্তর করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।