কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে শিশু-কিশোরীসহ ১২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে এক শিশু, তিন নারী ও ৮ কিশোরী রয়েছে। তারা সবাই উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
এসময় পাচারকাজে জড়িত ৪ দালালকে আটক করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের লম্বরী এলাকার পর্যটন বাজার থেকে তাদের উদ্ধার করা হয়।
আটকরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার কাশেমের ছেলে নুরুল আমিন (২৫), একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে নুরুল আফসার (১৯), হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার আবু তাহেরের ছেলে মিনহাজ উদ্দিন (২০) ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার রফিক সরকারের ছেলে মো. আল আমিন (২৪)।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, সোমবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরীর পর্যটন বাজার এলাকার সুপারি বাগানের ভেতর সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে বেশ কিছু লোকজনকে জড়ো করা হয়েছে এমন খবরে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ৪ জনকে আটক ও উদ্ধার করা হয় ১২ জনকে।
ওসি আরও জানান, উদ্ধার করা ভুক্তভোগীদের রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে।