মার্কিন নির্বাচনের ব্যালট পেপারে যুক্ত হলো বাংলা

যুক্তরাষ্ট্রের নির্বাচনী উত্তাপে কাঁপছে গোটা বিশ্ব। রাত পোহালেই ভোট। এখন চলছে নানা হিসাব-নিকাশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে জরিপগুলো। শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন অনেক ভোটার। সারাবিশ্বও তাকিয়ে আছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির ভোটের দিকে।

সেই নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি যে চারটি বিদেশি ভাষা ঠাঁই পেয়েছে, সেসবের একটি বাংলা। ‍যুক্তরাষ্ট্রের নির্বাচন পরিচালনাকারী সংস্থা বোর্ড অব ইলেকশন্সের নিউইয়র্ক অঙ্গরাজ্য শাখার নির্বাহী পরিচালক মাইকেল জে রায়ান সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, পুরো নিউইয়র্কজুড়ে ২ শতাধিক ভাষায় কথা বলেন সেখানকার লোকজন। কারণ এখানকোর বাসিন্দাদের মধ্যে বেশিরভাগই অভিবাসী। এসবের মধ্যে হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, তামিলসহ বিভিন্ন ভারতীয় ভাষাভাষীর লোকজনও রয়েছে। কিন্তু সেসবের মধ্যে একমাত্র ভারতীয় ভাষা হিসেবে বেছে নেওয়া হয়েছে বাংলাকে।

নিউইয়র্কের প্রধান শহর নিউইয়র্ক সিটিতে আয়োজিত ব্রিফিংয়ে রায়ান বলেন, “অভিবাসী ভোটারদের সুবিধার জন্য ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি ৪টি ভাষা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব ইলেকশন্স নিউইয়র্ক শাখা। এই ভাষাগুলো হলো চীনা, স্প্যানিশ, কোরিয়ান এবং বাংলা।”

“যুক্তরাষ্ট্রের ভোটার অধিকার আইন, ১৯৬৫-এর আওতায় দু’বছর আগে একটি মামলা করা হয়েছিল নিউইয়র্কের আদালতে। মামলাকারীদের দাবি ছিল, নিউইয়র্কে যেসব অঞ্চলে অভিবাসীদের সংখ্যা বেশি, সেসব অঞ্চলে ইংরেজির পাশাপাশি অন্তত একটি অভিবাসী ভাষায় ব্যালট পেপার প্রদান করা হোক। পরে নিউইয়র্কের রাজ্য প্রশাসন ও মামলাকারী— দু’পক্ষের সমঝোতার ভিত্তিতে এই চার ভাষায় ব্যালট পেপার প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”