মেয়েদের ঘরোয়া ক্রিকেটে বেশি নজর আগামী বছরে

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটের আগামী চার বছরের সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৫-২৯ চার বছরের এই চক্রে ৪০০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে, যাতে অংশ নেবে বাংলাদেশসহ ১১টি দল।

জানুয়ারি-ফেব্রুয়ারিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন জ্যোতি-নাহিদারা। বিশ^ আসরে আগে মুখোমুখি হলেও ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় সিরিজ হবে এটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দ্বিপক্ষীয় সিরিজটি এ বছরই বাংলাদেশ খেলেছে দেশের মাঠে। প্রথমবার অস্ট্রেলিয়া সফরে যাবেন তারা ২০২৬ সালের অক্টোবরে, প্রথমবার ইংল্যান্ড সফরে ২০২৭ সালের সেপ্টেম্বরে।

কয়েক দিনের মধ্যে আয়ারল্যান্ডের মেয়েরা আসবে বাংলাদেশ সফরে, এরপর জানুয়ারিতে বাংলাদেশ যাবে ওয়েস্ট ইন্ডিজে। ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ দল যাবে ভারত সফরে। মাঝে কেন কোনো খেলা নেই তার ব্যাখ্যা দিয়েছেন হাবিবুল বাশার, ‘আয়ারল্যান্ডের সঙ্গে যে সিরিজটা আছে তার ফলাফলের ওপর নির্ভর করবে বাংলাদেশের পক্ষে মেয়েদের ওয়ানডে বিশ^কাপে খেলা সম্ভব কি না। বিশ^কাপে খেলার যোগ্যতা অর্জন করলে আমরা সরাসরি খেলব, না হলে বাছাইপর্বে খেলতে হবে। তাই বছরের শুরুতে এবং শেষে দুটো সিরিজ এফটিপিতে দেখালেও এর বাইরেও খেলা আছে।’