শহিদুল আলমের বিরুদ্ধে মামলার তদন্তে স্থগিতাদেশ

২০১৮ সালের আগস্টে নিরাপদ সড়কের আন্দোলনের মধ্যে আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে করা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলার তদন্ত কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে এ মামলা কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

মামলা বাতিল চেয়ে শহিদুল আলমের করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি মো. ইকবাল কবিরের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশসহ রুল দেয়।

২০১৮ সালের ৩ ও ৪ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ফেসবুক লাইভে এসে আন্দোলনের সপক্ষে বক্তব্য দেন শহিদুল আলম।