‘অস্ট্রেলিয়ায় ব্যর্থ হলে টেস্ট থেকে সরে দাঁড়াবেন রোহিত’

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতীয় ক্রিকেটে সমালোচনার ঝড় বইছে। ইতোমধ্যেই অধিনায়ক রোহিত শর্মা আর বিরাট কোহলিকে সরানোর দাবি উঠেছে। সামনেই অস্ট্রেলিয়া সফর। এই সফরে ভালো না করলে রোহিত টেস্ট থেকে অবসর নেবেন বলে বিশ্বাস কৃষ্ণমাচারি শ্রীকান্তের।

ভারতের হয়ে ৪৩ টেস্ট ও ১৪৬ ওয়ানডে খেলা সাবেক ওপেনার শ্রীকান্ত এক ইউটিউব শোতে বলেছেন, ‘১০০ ভাগ (রোহিত টেস্ট ছাড়বেন)। আপনাকে আগেই ভেবে রাখতে হবে। রোহিত শর্মা ভালো করতে না পারলে আমার মনে হয়, সে নিজেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াবে। শুধু ওয়ানডে খেলবে। টি–টোয়েন্টি তো আগেই ছেড়েছে। আমাদের মনে রাখতে হবে, তার বয়স বাড়ছে, কমছে না।’

একইসঙ্গে রোহিতের রানে ফেরার সম্ভাবনাও দেখছেন শ্রীকান্ত, ‘রোহিত শর্মার অন্তত কলিজা আছে। গোটা সিরিজে বাজে অধিনায়কত্ব ও খারাপ খেলার ব্যাপারটি স্বীকার করে নেওয়ার জন্য তাকে টুপি খোলা অভিনন্দন। এটা অসাধারণ। কোনো খেলোয়াড়ের ছন্দে ফেরার এটা প্রথম ধাপ। ভুল স্বীকার করা খুব গুরুত্বপূর্ণ। একজন মানুষের এটা অন্যতম গুরুত্বপূর্ণ গুণও। সে সবার সামনে এটা স্বীকার করেছে এবং তার অর্থ হলো ছন্দে ফেরার পথেই আছে। আমি এটাই মনে করি।’

তবে বিরাট কোহলির ক্যারিয়ারের এখনই শেষ দেখছেন না শ্রীকান্ত। তার ধারণা, ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সফরেই রানে ফিরবেন ভারতের ব্যাটিং কিং। শ্রীকান্তের ভাষায়, ‘আমার মতে, বিরাট কোহলি অস্ট্রেলিয়ায় (রানে ফেরা) শুরু করবে। অস্ট্রেলিয়াই তার জায়গা এবং আমার মতে, এটাই তার শক্তি। কোহলিকে নিয়ে এখন এসব (টেস্ট ছাড়া) কথা একটু আগেভাগেই হয়ে যায়। আমি এটা মানব না। বিরাট কোহলির হাতে অনেক সময় আছে।’