শেষ নির্বাচনী বক্তৃতায় যে বার্তা দিলেন ট্রাম্প-কমলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে গতকাল সোমবার শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় কাটিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। জনমত জরিপগুলো এবারের নির্বাচনে ঐতিহাসিক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে।

মিশিগানের গ্র্যান্ড র‌্যাপিডসের মঞ্চেশেষ নির্বাচনী প্রচারণার সমাপনী বক্তৃব্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের এমনভাবে বেঁচে থাকতে হবে না।’

অপরদিকে, পেনসিলভানিয়ার বৃহত্তম শহর ফিলাডেলফিয়ায় সমাবেশে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস বলেন, ‘আমাদের অবশ্যই শক্তিশালী হয়ে নির্বাচনী কার্যক্রম শেষ করতে হবে। এই নির্বাচন ইতিহাসের নিকটতম ঘোড়দৌড় হতে পারে।’

আজ মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে বিষয়টি জানানো হয়। 

মিশিগানে নির্বাচনী প্রচারণার সময় উপস্থিত জনতাকে প্রশ্ন করে ট্রাম্প বলেন, তারা এখন চার বছর আগের চেয়ে ভাল অবস্থায় আছেন কিনা। তার এই প্রশ্নের বিপরীতে র‌্যালিতে উপস্থিত জনতা উচ্চস্বরে না-সূচক জবাব দেন।

এরপর ট্রাম্প বলেন, ‘আজ রাতে আপনাদের ও সকল আমেরিকানদের প্রতি আমার খুব সহজ বার্তা, আমাদের এমনভাবে বেঁচে থাকতে হবে না।’ 

তবে শেষ ভাষণে প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির কমালা হ্যারিসকে আক্রমণ করতেও ছাড়েননি ট্রাম্প। তিনি হ্যারিসকে একজন উগ্র বামপন্থী পাগল বলে মন্তব্য করেন।

একদিনে চারটি (র‍্যালি) করা কঠিন উল্লেখ করে ট্রাম্প জানান, প্রতিটি র‌্যালিতে যে সমর্থন তিনি পেয়েছেন, তাতে তার এই পরিশ্রম সার্থক হয়েছে।

এদিকে, ফিলাডেলফিয়ায় নির্বাচনী প্রচারণার শেষ সমাবেশে কমলা বলেন, ‘আমরা আশাবাদী এবং আমরা একসঙ্গে যা করতে পারি- তা নিয়ে আমরা উত্তেজিত। এছাড়াও তিনি তার সমর্থকদের অতিউৎসাহী না হওয়ার জন্য সতর্ক করেন।’

জীবনযাত্রার খরচ কমিয়ে আনার প্রতিশ্রুতি ও তার রূপরেখা দিয়ে তিনি বলেন, ‘আমরা দৈনন্দিন পণ্যের ওপর করপোরেট মূল্য বৃদ্ধি নিষিদ্ধ করব। আবাসন এবং শিশু যত্নকে আরও সাশ্রয়ী করে তুলব। শ্রমিক ও মধ্যবিত্ত পরিবার এবং ছোট ব্যবসার জন্য কর কমিয়ে দেব। প্রবীণদের জন্য বাড়ির খরচসহ স্বাস্থ্যসেবার খরচ কমিয়ে দেব, কারণ স্বাস্থ্যসেবার ইস্যুতে আমি পুরোপুরি বিশ্বাস করি- স্বাস্থ্যসেবা একটি অধিকার হওয়া উচিত এবং শুধুমাত্র যারা এটি বহন করতে পারে তাদের জন্য বিশেষাধিকার নয়।’