অনেক প্রত্যাশা নিয়ে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এমনিতেই ফরাসি লিগ আর স্প্যানিশ লিগে আকাশ-পাতাল পার্থক্য। লা লিগায় প্রথম কয়েক ম্যাচ গোল না পেয়ে পড়েছিলেন সমালোচনার মুখে। এরপর ছন্দ ফিরে পেলেও এল ক্লাসিকোতে তার পারফর্মেন্স ছিল মলিন। এমতাবস্থায় এমবাপ্পেকে পরামর্শ দিলেন করিম বেনজেমা।
সাবেক ফরাসি তারকা বেনজেমা দীর্ঘদিন রিয়াল মাদ্রিদে খেলেছেন। সেখানকার সবকিছুই তার নখদর্পণে। তাই ‘এল চিরিঙ্গুইতো’ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জাতীয় দলের সাবেক সতীর্থকে পরামর্শ দিয়ে বলেছেন, ‘রিয়ালে প্রথম বছরে আমার এবং কিলিয়ানের পরিস্থিতি ভিন্ন। আমি তখন ছিলাম ২১ বছরের, কিলিয়ান এখন ২৫। সে নিশ্চয়ই জানে যে, রিয়াল মাদ্রিদে অনেক চাপ নিতে হয়।’
সেই চাপ কেমন হতে পারে- সেটারও একটা ধারণা দিয়েছেন বেনজেমা, ‘আপনি যদি দুই-তিনটি ম্যাচে একটি গোলও না করেন, তাহলে ওরা (সমর্থক) আপনাকে মেরেই ফেলবে! এই চাপ নিয়েই তাকে টিকে থাকা শিখতে হবে। তাকে সেই চাপ সহ্য করতে হবে। প্রতিটি ম্যাচই নতুন, এবং আপনাকে অবশ্যই গোল করতে হবে। রিয়াল তাকে এ কারণেই এনেছে এবং এমবাপ্পের সেই লেভেরের একজন ফুটবলার।’