রাজবাড়ী জেলা প্রশাসক হিসেবে যোগ দেওয়ার দুই দিনের মাথায় কোটা সংস্কার আন্দোলনে শহীদ রাজবাড়ীর আব্দুল গনির পরিবারেরর সঙ্গে দেখা করেছেন ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
আজ মঙ্গলবার সকালে তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার এলাকায় আব্দুল গণির নিজ বাড়িতে গিয়ে শহীদের বিধবা স্ত্রী লাকী আক্তার, শিশু জান্নাত আক্তারের জন্য নতুন পোশাক উপহার দেন। এ ছাড়া পরিবারের সদস্যদের জন্য নিয়ে যান বিভিন্ন ধরনের ফল ও নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
এ সময় ডিসিকে নিজ বাড়িতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে যান শহীদের স্ত্রী লাকি ও মেয়ে জান্নাত। তাদের দ্রুত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে অনুদানের ৩ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেন নবাগত এই ডিসি।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল আলম, নেজারত ডেপুটি কালেক্টর নাহিদ আহমেদ এবং সহকারী কমিশনার অংকন পাল প্রমুখ।
এর আগে গত ৩০ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন ২ এর এক প্রজ্ঞাপনে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব জাহিদুল ইসলামকে রাজবাড়ী জেলার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।