মুন্সীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমে দুর্বৃত্তদের ছুরিকাঘাত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম শুভ বেপারী (২৩)। সোমবার দিবাগগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবক মারা যান। এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে যুবককে। তিনি জেলা সদরের মিরকাদিম পৌরসভার কালিন্দীপাড়া এলাকার মুকুল বেপারীর ছেলে। 

নিহতের বাবা জানান, তার ছেলে শনিবার রাতে নিজ বাড়িতে অবস্থান করছিলো। ওই সময় স্থানীয় নাজমুল নামে এক যুবক মোবাইল ফোনে কল করে তার ছেলেকে পার্শ্ববর্তী রামগোপালপুর এলাকার চিশতী বাড়ির সামনে ডেকে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন খবর পান শুভকে ছুরিকাঘাত করা হয়েছে। 

এতে রক্তাক্ত অবস্থায় প্রথমে শুভকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেকে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে শুভ মারা গেছেন। 

নিহতের শুভ বাবা মুকুল বেপারী বলেন, আমার ছেলে কাপড়ের ব্যবসা করতো। কারো সঙ্গে শত্রুতা ছিল না। কারা কী কারণে এ ঘটনা ঘটালো আমরা বুঝতে পারছি না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।