রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সিনিয়র সাংবাদিক সনজিৎ দাসের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। সনজিৎ দাস বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি।
সনজিৎ দাস জানান, নিজের চিকিৎসার জন্য তিনি বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। ওই সময় হাসপাতাল চত্ত্বরে দুর্বৃত্তরা মোটরসাইকেল চুরি করার চেষ্টা করছিল। মোটরসাইকেলের সাইরেন বেজে ওঠায় হাসপাতাল থেকে কয়েকজন বেরিয়ে এসে দুর্বৃত্তদের ধাওয়া করে একজনকে ধরে পিটুনি দিচ্ছিল। ওই সময় পেছন থেকে কয়েকজন মারধরকারীদের ওপর হামলা করে। তিনি মারামারি নিবৃত্ত করতে গেলে উশৃঙ্খল কিশোররা তার ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় তিনি থানায় কোনো অভিযোগ দেননি। তবে, বিষয়টি তিনি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার ওসিকে অবগত করেছেন।
সনজিৎ দাস বলেন, মানুষের কল্যাণের জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছেন। তার পেশাগত জীবনে এমন অনাকাঙ্খিত ঘটনার মুখোমুখি কখনও হননি। এ ঘটনা তাকে অপমানিত, বিস্মিত ও লজ্জিত করেছে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সজল কুমার সোম বলেন, তাদের একজন স্টাফের মোটরসাইকেল চুরির চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন চোরকে আটক করে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন সনজিৎ দাসের গায়ে হাত তুলেছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান জানান, হসপিটালে বেশ কয়েকদিন ধরেই বিদ্যুতের তার, নারকেলসহ বিভিন্ন জিনিস চুরি হচ্ছে। সোমবার বালিয়াকান্দি হাসপাতালে সাংবাদিক সনজিৎ দাসের সাথে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। যা খুবই দুঃখজনক। হাসপাতালের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করা হবে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, হাসপাতালে মোটরসাইকেল চুরির চেষ্টার অপরাধে একজনকে আটক করা হয়েছে। তবে, সাংবাদিক সনজিৎ দাসের ওপর হামলার ঘটনায় কেউ আটক হয়নি। হাসপাতালের সিসি টিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
সাংবাদিক সনজিৎ দাসের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন রাজবাড়ী জেলা প্রেস ক্লাবের সভাপতি করিম ইসহাক, সাধারণ সম্পাদক সৌমিত্র শীল, জেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ সর্বস্তরের সাংবাদিকরা।