চট্টগ্রামের আনোয়ারায় একের পর এক গরু চুরি হচ্ছে। অস্ত্রের মুখে জিম্মি করে গরু ডাকাতির মতো ঘটনা ঘটছে। নিঃস্ব হচ্ছে বেশিরভাগ প্রান্তিক খামারিরা। এবার গরু চুরি ঠেকাতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে স্মারকলিপি দিয়েছে আনোয়ারা ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ইশতিয়াক ইমন, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়াকে এই স্মারকলিপি দেওয়া হয়।
এ ব্যাপারে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, গরু চুরির ঘটনায় থানায় একটি মামলাও হয়েছে। খামারিদের দেওয়া একটি স্বারকলিপি পেয়েছি। খামারিদের নিয়ে একটা বৈঠকের আয়োজন করব। গরু চুরি কঠোর হস্তে দমন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, আনোয়ারা ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের একটি স্বারকলিপি পেয়েছি। আলোচনার মাধ্যমে এর স্থায়ী সমাধানের জন্য চেষ্টা করব।
স্মারকলিপি প্রদানকালে আনোয়ারা ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক তানভীর হাসানসহ খামারিরা উপস্থিত ছিলেন।