ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব নেওয়ার আগেই সমর্থকদের মনে জায়গা করে নেওয়ার সুযোগ আছে রুবেন আমোরিমের সামনে। তাঁর বর্তমান দল স্পোর্তিং সিপি আজ রাতে চ্যাম্পিয়নস লিগে জয় পেলে, ইউনাইটেডের সমর্থকেরা তাকে সম্মানের চোখে দেখবেন—কারণ তাদের প্রতিপক্ষ হলো ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি।
আমোরিম নিজেই বলেছেন, আজকের চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচ তার ইউনাইটেড ক্যারিয়ারের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ১১ নভেম্বর ম্যানইউর কোচের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় থাকা আমোরিম স্পোর্তিং-সিটি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, "ফলটা নেতিবাচক হলে আমাকে নিয়ে তাদের আশা হয়তো কিছুটা কমবে। কিন্তু আমরা যদি জিতে যাই, তারা (ম্যানইউ) ভাবতে শুরু করবে যে নতুন অ্যালেক্স ফার্গুসন এসে গেছেন।”
পর্তুগিজ প্রিমেইরা লিগে স্পোর্তিংকে দুবার শিরোপা জেতানো এই ৩৯ বছর বয়সী কোচ জানেন সিটিকে হারানো কতটা কঠিন, কারণ তার চোখে পেপ গার্দিওলার দলই এখন বিশ্বের সেরা, “বিশ্বের সেরা দলটি সিটির, এবং বিশ্বের সেরা কোচও তাদের।”
কোচ হিসেবে আমি এখন আরও ভালো হয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো পেপ গার্দিওলাও আগের চেয়ে আরও ভালো কোচ হয়ে উঠেছেন। ব্যবধানটা তাই আগের মতোই আছে
রুবেন আমোরিম
আমোরিম আরও যোগ করেন, “কোচ হিসেবে আমি এখন আরও ভালো হয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো পেপ গার্দিওলাও আগের চেয়ে আরও ভালো কোচ হয়ে উঠেছেন। ব্যবধানটা তাই আগের মতোই আছে।” এই উপলব্ধি তাঁর অভিজ্ঞতা থেকেই, কারণ ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে তাঁর দল সিটির কাছে দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে হেরেছিল। সেই সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, “আমার মনে হয় আমি কোচ হিসেবে উন্নতি করেছি, কিন্তু পেপ গার্দিওলাও একইভাবে উন্নতি করেছেন। তিনি আমাদের মতো অনেক কোচের অনুপ্রেরণা।”