ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার সচিবালয়ে ধর্ম উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাকালে তাদের মধ্যে দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ধর্ম উপদেষ্টা আলজেরিয়ার প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়সমূহে দেশের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাদরাসা শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিতে অনুরোধ জানান। এ ছাড়া আলজেরিয়ার খ্যাতনামা ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও মাদরাসাগুলোতে আরবি ভাষা ও সাহিত্যে পাঠদানের প্রস্তাব দেন।
আলজেরিয়ার রাষ্ট্রদূত সেদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুর বিষয়ে সম্মতি জানান। তিনি রিসোর্সপার্সন বিনিময়ের মাধ্যমে আলজেরিয়ার প্রসিদ্ধ অধ্যাপকদের দ্বারা বাংলাদেশের মাদরাসা শিক্ষার্থীদের পাঠদানের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। এ ছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট যেকোনও বিষয়ে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বন্ধুত্বপূর্ণ। অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দুটি দেশের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারিত করার অনেক সুযোগ রয়েছে। আগামীদিনে উভয় দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের উন্নয়নে আলজেরিয়ার অব্যাহত সহযোগিতা কামনা করেন।
বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।