সরকারের পতনের পর সংস্কার চলাকালে দেশে কমে গেছে নতুন সিনেমা মুক্তি। এরমধ্যে ‘শরতের জবা’ নামে একটি সিনেমা মুক্তি পেলেও সেভাবে দর্শক টানতে পারেনি।
এদিকে সিনেমাপ্রেমী দর্শকদের জন্য সুখবর হলো আগামী ৮ নভেম্বর শুক্রবার মুক্তি পাচ্ছে নতুন সিনেমা ‘রং ঢং’। এটি পরিচালনা করেছেন আহসান সারোয়ার। এর নির্মাণকাজ প্রায় ৮ বছর আগে শেষ হয় এবং সেন্সর বোর্ডের (তৎকালীন) ছাড়পত্রও পায় কিন্তু নানা জটিলতায় মুক্তি পায়নি। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এটি। সিনেমাটির প্রযোজক আহসান জুবায়ের জানান, এখন মুক্তির জন্য সব ধরনের প্রস্তুতি চলছে।
‘রং ঢং’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফর রহমান জর্জ, স্বাধীন খসরু, ফারুক আহমেদ, মাখনুন সুলতানা মাহিমা, শবনম পারভীন, এজাজুল ইসলাম, জামিল, প্রাণ রায়, অর্ণব খান, সোহেল মন্ডল প্রমুখ।
ব্ল্যাকশাইন লিমিটেডের ব্যানারে নির্মিত এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু, পান্থ কানাই, মাহমুদুল হাসান রোমান্স, শামিম আলম বুলেট, তাসনুব। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, কিশোর, সুমিত, জামিল হোসেন, আদি।