‘ফাইনাল’ খেলবেন কেইন-ডি মারিয়া

জার্মান লিগে ৯ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। তবে এবার চ্যাম্পিয়নস লিগে যেন পথহারা বাভারিয়ানরা। প্রথম ম্যাচে ডায়নামো জাগরেবকে ৯-২ গোলে হারিয়েই শুরু করেছিল। কিন্তু এরপরই অ্যাস্টন ভিলার কাছে হারে ১-০ গোলে। গত ম্যাচে বার্সেলোনার মাঠে গিয়ে হেরে এসেছে ৪-১ গোলে।

আজ নিজেদের মাঠে খেলবে বায়ার্ন বেনফিকার বিপক্ষে। পর্তুগিজ ক্লাবটি কখনো হারাতে পারেনি তাদের। তাই হারাতে পারবে এই আশা নিয়েই আলিয়াঞ্জ অ্যারেনায় খেলতে নামবে ভিনসেন্ট কোম্পানির দল।

বেনফিকাকে সতর্কবার্তা দিয়ে রেখেছেন বায়ার্নে খেলা পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও পালিনহা। পর্তুগিজ এই ডিফেন্ডারের জন্ম লিসবনে। পর্তুগালের ক্লাবে ক্যারিয়ারের শুরু হলেও পালিনহা কখনো খেলেননি বেনফিকায়। এই মৌসুমে তিনি ফুলহ্যাম থেকে যোগ দেন বায়ার্নে। পালিনহা বলেন, ‘এটা আমাদের জন্য ফাইনাল। গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। এই ম্যাচ নিয়েই আমাদের সব মনোযোগ। বেনফিকা অনেক উন্নতি করেছে কোচ বদলের পর। আমার জন্য এটি বিশেষ এক ম্যাচ। আমরা লড়াই করব। আমরা নিজেদের খেলাটা খেলে জিততে চাই।’

হ্যারি কেইন আছেন ফর্মে। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ১৭ গোল ও ছয় অ্যাসিস্ট করেছেন। তাই বেনফিকাকে বাড়তি নজর রাখতে হবে কেইনের দিকে। বেনফিকায় আছেন আনহেল ডি মারিয়া। এই মৌসুমে ৭৭৫ মিনিট মাঠে থেকে ৩ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন তিনি। আর্জেন্টাইন এই মিডফিল্ডার বড় ম্যাচে জ্বলে উঠতে পারেন তা অনেকবারই দেখা গেছে।

বার্সেলোনা আছে দারুণ ফর্মে। লা লিগায় শীর্ষে আছে তারা। আজ বার্সা খেলবে রেড স্টার বেলগ্রেডের (জেজদা) মাঠে। এই ম্যাচে পরিষ্কার ফেবারিট বার্সেলোনা।

কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়ার পর বিশ্ব সংবাদ মাধ্যমে ফ্রান্সের ক্লাবটি শিরোনামে একটু কমই আসে। তবে ফরাসি লিগে এবারও তারা শীর্ষস্থানেই আছে। ১০ ম্যাচ শেষে অপরাজিত আছে লুইস এনরিখের দল। চ্যাম্পিয়নস লিগে আজ পিএসজি খেলবে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। লড়াইটা দুই কোচেরও। এনরিখে বনাম ডিয়েগো সিমিওনে। নানা সময়ে সিমিওনের বিপক্ষে কোচ হিসেবে ১৪ ম্যাচে ডাগআউটে ছিলেন এনরিখে। সিমিওনের দলের বিপক্ষে কোচ হিসেবে এনরিখে জিতেছেন ৯টিতে, ড্র দুটি, হার তিনটি।

চ্যাম্পিয়নস লিগে আজ আরও এক ম্যাচে নজর থাকবে ফুটবলপ্রেমীদের। ইন্তার মিলানের মাঠে খেলতে যাবে ইংলিশ ক্লাব আর্সেনাল। প্রিমিয়ার লিগে সবশেষ ম্যাচে আর্সেনাল হেরেছে নিউক্যাসলের বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগে ৩ ম্যাচের দুটিতে জয়, এক ড্রতে আর্সেনাল আছে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে। গানার্সদের মতো ইন্তারেরও তিন ম্যাচে দুই জয়, এক ড্র। গোল ব্যবধানে এগিয়ে থেকে ইন্তার আছে ৭ নম্বরে।