সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মেজর (অব.) এমএ মান্নান ওরফে আবদুল মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ নিষেধাজ্ঞার আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শামীম খন্দকার দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন করেন।
আবেদনে বলা হয়, আবদুল মান্নান ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গকরণ, অসদাচরণ ও প্রতারণামূলকভাবে কাগুজে প্রতিষ্ঠান মেসার্স টেলিকম সার্ভিস লিমিটেডের নামে ৮ কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আবেদনে আরও বলা হয়েছে, আবদুল মান্নান বিদেশ পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সেজন্য তার দেশত্যাগের নিষেধাজ্ঞা প্রয়োজন।