যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের একদম দ্বারপ্রান্তে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর মাত্র চারটি ভোট পেলেই আগামী চার বছরের জন্য মার্কিন প্রেসিডেন্টের আসনে বসবেন তিনি। তবে ফলাফল ঘোষণার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।
এছাড়া মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানায়, প্রাথমিক ফলাফলে প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন ট্রাম্প। ফক্স নিউজের প্রতিবেদনের পরই নিজেকে জয়ী ঘোষণা করেন সাবেক এই প্রেসিডেন্ট।
এদিকে নিজেকে বিজয়ী ঘোষণার পর রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা বার্তাটি দেন।
পোস্টে নেতানিয়াহু লেখেন, ‘প্রিয় ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্প, ইতিহাসের সেরা প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউসে আপনার ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার মহান জোটের জন্য একটি শক্তিশালী প্রতিশ্রুতি দেয়।’
এছাড়া ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার এক টুইট বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
এক্স–এ মোদি লেখেন, `ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেইসঙ্গে আগেরবারের মতোই হাতে হাত মিলিয়ে কাজ করার বার্তা দেন তিনি। আসুন একসাথে, আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি।'
এছাড়া ট্রাম্পের ঘোষণার পরই বিশ্বনেতারা অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা দিচ্ছেন ও সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে। শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোও।
অভিনন্দন বার্তায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন, ‘সম্মান এবং উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে আরও শান্তি ও সমৃদ্ধির জন্য আমরা ৪ বছর একসাথে কাজ করতে প্রস্তুত।‘