ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৭ নভেম্বর) সর্বশেষ প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।
সংবাদমাধ্যমটি জানায়, দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলাইনা, উইসকনসিন, পেনসিলভানিয়া ও জর্জিয়ায় দুর্দান্ত জয়ের পর ট্রাম্প ২৭০টি ইলেক্টোরাল ভোটের সীমা অতিক্রম করেছেন।
২০২০ সালে অল্প ব্যবধানে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর প্রত্যাবর্তনের কথা জানিয়েছিল ট্রাম্প।
এ জয়কে রাজনৈতিক বিজয় ঘোষণা করে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সোনালি যুগে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে ফ্লোরিডায় নিজের প্রচারাভিযানের সদরদপ্তরে উল্লাসরত সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প এই প্রত্যয় ব্যক্ত করেন।
স্ত্রী মেলানিয়া, ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্সদের সামনেই সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘প্রতিটি মুহূর্ত আমি আপনারদের জন্য লড়ে যাব।’
তিনি জানান, জনগণ এই দিনটি আবার ফিরে দেখবে। নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের মধ্যে একটি হিসেবে বিবেচনা করবেন।