নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন আহমেদ হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৬ নভেম্বর) গোলাম দস্তগীর গাজীকে শাওন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শামীমা আক্তারের আদালতে হাজির করে সদর মডেল থানা পুলিশ। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইউম জানান, শাওন আহমেদ নামে এক যুবদল কর্মী হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিতে যুবদল কর্মী শাওন আহমেদকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। তবে তৎকালীন ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের না হয়ে বিএনপির ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে উল্টো মামলা দায়ের করা হয়েছিল। ওই ঘটনার প্রায় ২ বছর পরে চলতি বছরের ২১ অক্টোবর নিহতের বড় ভাই মিলন মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাবেক এসপি, সাবেক ডিসি ও সাবেক ৫ এমপিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় নারায়ণগঞ্জের সদ্য সাবেক পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে প্রধান আসামি করা হয়েছে।
সেই সঙ্গে তৎকালীন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ ২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ ১ আসনের সাবেক এমপি ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি লিয়াকত হোসেন খোকাসহ ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।