মেহেন্দিগঞ্জ ও গৌরনদীতে আ. লীগের ৮০ নেতাকর্মীর নামে মামলা

বরিশালে পৃথক ঘটনায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, বিস্ফোরণ এবং হত্যাচেষ্টার অভিযোগে মেহেন্দিগঞ্জ ও গৌরনদী উপজেলার ৮০ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

গৌরনদী উপজেলায় বিএনপি নেতা আক্কেল সরদারের অভিযোগে গত ৫ নভেম্বর আওয়ামী লীগের ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাদের নাম রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালে হামলাকারীরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, বিস্ফোরণ ঘটিয়ে চাঁদাবাজি ও হত্যাচেষ্টা করেছে। মামলায় আরও ৪০-৫০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে। গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

অপরদিকে ২০১৮ সালে সংসদ নির্বাচনের সময় বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী মেজবাহ উদ্দিন ফরহাদের ওপর হামলার ঘটনায় ৪১ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় উপজেলা এবং পৌর আওয়ামী লীগের ১১ নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় মেহেন্দিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মনির জমাদ্দার, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের মিন্টু জমাদ্দার, গনি জমাদ্দার, জাকির জমাদ্দার, আমির চৌকিদার, রাকিব পোদ্দার, আলী সরদার, বাহাউদ্দিন ঢালী, হারুন মোল্লা, মো. মনির ও হাসান জমাদ্দারসহ স্থানীয় আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতাদের নাম রয়েছে। হামলার শিকার প্রার্থী মেজবাহ উদ্দিন ফরহাদ বাদী হয়ে গত ৩ নভেম্বর মেহেন্দিগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ২৮ নভেম্বর ফরহাদ মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করার পর ফেরার পথে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে গুলি ও বোমা দিয়ে আক্রমণ করে। এই হামলায় ফরহাদের সঙ্গে থাকা পাঁচজন নেতাকর্মী আহত হন এবং তাদের মোবাইল ফোন, টাকাসহ অন্যান্য জিনিসপত্র ছিনতাই করা হয়।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানিয়েছেন, মামলাটি ৩ নভেম্বর নথিভুক্ত হয়েছে এবং এটি আদালতে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।