সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক জমির আহমদ (২৪) নিহত হয়েছেন। তিনি জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আবদুল মান্নানের ছেলে। বুধবার (৬ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং- ১২৮৬-১২৮৭ এর টিপরাখলা ঘিলাতৈল এলাকায় জমির আহমদ গুলিবিদ্ধ হন। তিনি অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘শুনেছি ভারতীয় খাসিয়াদের গুলিতে ওই যুবক নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য তার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’