মানিকগঞ্জের শিবালয় উপজেলার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ওয়ার হাউজ থেকে লুট করা মালামালসহ ডাকাত দলের এক সদস্যকে চট্টগ্রাম বন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ডাকাত মোহাম্মদ আলী (৪২) কুমিল্লার দাউদকান্দি উপজেলার আছমত আলীর পুত্র। গত ৫ নভেম্বর বুধবার চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে শিবালয় থানা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৩১ লাখ টাকার বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট।
মামলার তদন্তকারী কর্মকর্তা শিবালয় থানার ইন্সপেক্টর তদন্ত মুজিবুর রহমান জানান, উপজেলার মহাদেবপুর রুমি ফিলিং স্টেশনের পূর্ব পাশের বহুতল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ওয়ার হাউজ। গত ২৯ অক্টোবর ভোরে ১০/১২ জনের সংঘবদ্ধ মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে প্রতিষ্ঠানের লোকজনদের বেঁধে রেখে গোডাউনে ঢুকে দুটি পিকআপযোগে সিগারেট ভর্তি কার্টন লুটে নেয়, যার বাজারমূল্য প্রায় ৬৭ লাখ টাকা।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন দেশ রুপান্তরকে জানান, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ৬৭ লাখ টাকার সিগারেট ডাকাতির ঘটনায় একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বাকিদের আটক ও লুট করা মালামাল উদ্ধারে জোর চেষ্টা চলছে।