মুরাদনগর

রাস্তা পার হওয়ার সময় বৃদ্ধকে চাপা দিল মাইক্রোবাস

কুমিল্লা মুরাদনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফুল মিয়া (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক ও মাইক্রোবাসটিকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক সুজন মিয়া (২৫) মুরাদনগর উপজেলা সদরের নূরুল ইসলামের ছেলে।

বুধবার (০৬ নভেম্বর) সকালে উপজেলার মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের করিমপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফুল মিয়া উপজেলা সদরের মধ্যনগর গ্রামের মৃত সাজত আলির ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলা সদরের উদ্দেশে একটি মাইক্রোবাস দ্রুত গতিতে যাওয়ার পথে করিমপুর বাজার এলাকায় ফুল মিয়া নামে এক বৃদ্ধকে চাপা দেয়। তিনি রাস্তা পার হচ্ছিলেন। ঘটনারস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ধাওয়া করে মাইক্রোবাস ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আটক চালককে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।