‘চক্র’ মুক্তির পর সিরিজটির জন্য দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে জানালেন তাসনিয়া ফারিণ। সেই সঙ্গে এও জানালেন সিরিজটির দ্বিতীয় কিস্তি নির্মাণ হতে যাচ্ছে।
সিরিজটির শুটিং শুরুর পর থেকেই খুব ভয়াবহ কিছু অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের বলে জানান তিনি। বললেন, এটি মুক্তির পরও আমার গলা শুকিয়ে আসছিল। ঘুমের মধ্যেও আমি দুঃস্বপ্ন দেখেছি।
শুটিংয়ের ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করে ফারিণ বলেন, ‘এই কাজটি শুরুর পর থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। যা একেবারেই অস্বাভাবিক। কারণ ছাড়াই আমি শুটিংয়ে একবার অজ্ঞান হয়ে যাই। এরপর নির্মাতার পা ভেঙে যায়। এ ছাড়া বেশ কয়েকটি মৃত্যুর সংবাদ আমাদের শুনতে হয়। শুটিং যতদিন করেছি, প্রায়ই আমি দুঃস্বপ্ন দেখতে থাকি। এ ছাড়া শুটিং ইউনিটে অস্বাভাবিক আরও অনেক ঘটনা ঘটতে থাকে, যার ব্যাখ্যা আমরা আজও পাইনি। এসব ঘটনার মধ্য দিয়েই কাজটি আমরা শেষ করি।’
আসন্ন কাজ ও বর্তমান ব্যস্ততা সম্পর্কে ফারিণ বলেন, ‘অমীমাংসিত রহস্য রেখে যাওয়া সিরিজ ‘চক্র’র দ্বিতীয় সিজনের কাজ নিয়ে পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ‘হাউ সুইট’ ওয়েব ফিল্ম নিয়ে ব্যস্ততা রয়েছে। এটির চরিত্রের পেছনে সময় দিচ্ছি, চরিত্র ধারণে ব্যস্ত আছি। এটি অমি (কাজল আরেফিন অমি) ভাই নির্মাণ করছেন। এতে আমার সহশিল্পী রয়েছে অপূর্ব ভাই। তার সঙ্গে ওটিটিতে এটি আমার দ্বিতীয় কাজ। সিরিজটি নিয়ে খুব আশাবাদী আমরা। শিগগিরই এর শুটিং শুরু হবে। কাজটি শেষ করার পর এটি নিয়ে আরও বিস্তারিত কথা বলতে পারব। এদিকে গান নিয়েও ব্যস্ততা রয়েছে আমার। ইতিমধ্যেই বলেছি গানে নিয়মিত হব। সামনে গান নিয়েও নতুন খবর দেব।’