ফুটবলকে পাল্টাতে চান তাবিথ

চার বছর আগে অক্টোবরের এক সন্ধ্যায় উপ-নির্বাচনে সহ-সভাপতি পদে হেরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বিদায় নিয়েছিলেন তাবিথ আউয়াল। চার বছর পর প্রত্যাবর্তনটা এভাবে হবে, নিজেও কল্পনা করেননি। ফেরাটা একেবারে বাফুফের সভাপতি হয়ে। অতীতের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে তাবিথ চান ফুটবলকে সঠিক পথে এগিয়ে নিতে। এই লক্ষ্যে প্রয়োজনীয় সব সংস্কার-মেরামত করবেন সহযাত্রীদের সঙ্গী করে। নতুন সংস্কৃতির ছোঁয়ায় ফুটবলের খোলনলচে পাল্টে ফেলাই তার উদ্দেশ্য।

২৬ অক্টোবর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর বুধবার প্রথম বাফুফে ভবনে এসেছিলেন নয়া সভাপতি। বাফুফের সব কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে পরিচিত হয়েছেন নবনির্বাচিত নির্বাহী কমিটির সবাইকে নিয়ে। প্রথম দিনে একটা বার্তাও সবার কাছে দিয়ে রেখেছেন তিনি। সাফ জানিয়ে দিয়েছেন, কোনো অনিয়ম, কর্মে অবহেলা বরদাশত করবেন না। একতাবদ্ধ হয়ে বাফুফেতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় সব সংস্কার তিনি করতে চান অগ্রাধিকার ভিত্তিতে।

আগামী শনিবার নতুন কমিটি প্রথম সভায় বসে নেবে বেশ কিছু সিদ্ধান্ত। তার আগে তাবিথ এককভাবে কোনো কিছুই করার বা বলার পক্ষে নন। আলোচনা ও সমঝোতার ভিত্তিতে আগামী চার বছর ফুটবল ফেডারেশনকে এগিয়ে নেওয়ার কথা বলেছেন তাবিথ। একক কোনো ব্যক্তিতে নির্ভরশীল না হয়ে এমন একটা সংস্কৃতি গড়ে তুলতে চান, যাতে সবার মধ্যেই তৈরি হয় নেতৃত্বগুণ।

প্রারম্ভিক বক্তব্যে তাবিথ বলেন, ‘এখনো আমরা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করিনি। আগামী ৯ নভেম্বর আমাদের প্রথম নির্বাহী কমিটির সভা। সেখান থেকে আনুষ্ঠানিকভাবে আগামী চার বছরের জন্য আমাদের যাত্রা শুরু হবে। আজ আমরা বাফুফের সব স্টাফ, শীর্ষ থেকে শুরু করে ক্লিনার পর্যন্ত সবার সঙ্গে পরিচিত হয়েছি। নিজেদের মধ্যে দ্রুত একটা মতবিনিময়ও হয়েছে। আজ কোনো গুরুত্বপূর্ণ আলোচনা কারও সঙ্গেই করিনি। ৯ তারিখে নির্বাহী কমিটির সভায় আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় চলে যাব। আমরা খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে আগামী চার বছর ফুটবলকে এগিয়ে নিতে চাই।’

কাজী সালাউদ্দিনের রেখে যাওয়া একটা বড় আর্থিক দায় কাঁধে নিয়ে ফুটবল ফেডারেশনের দায়িত্ব নিচ্ছে নতুন কমিটি। তাবিথ অবশ্য এটাকে বাড়তি কোনো চাপ হিসেবে নিতে নারাজ। তাছাড়া আর্থিক যে অনিয়ম, দুর্নীতির কথা বারবার উঠে আসে, সে সব খতিয়ে দেখার কথাও বলেছেন তিনি, ‘আমরা কোনো রকম চাপ অনুভব করছি না। এটা একটা ধারাবাহিকতা। বিগত কমিটি থেকে বর্তমান কমিটি একটা নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পেয়েছে সুষ্ঠু, সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে। আমাদের এখন কাজগুলো এগিয়ে নিতে হবে। এছাড়া আমাদের কিছু বিষয় খতিয়ে দেখতে হবে, কিছু বিষয়ের সত্যতা কী, কতটুকু পরিমাণ আর্থিক বিষয় রয়েছে। আমরা নির্বাহী কমিটির সভায় বিষয়গুলো আলোচনায় আনব এবং চেষ্টা করব সঠিক সিদ্ধান্ত নিতে।’

তাবিথ সদ্য সাফজয়ী নারী ফুটবল দলকে পুরস্কৃত করার সিদ্ধান্তটি ৯ নভেম্বর নির্বাহী সভায় অনুমোদন করার ও ঘোষণা দেওয়ার কথা বলেছেন।