ম্যানইউর হবু কোচের কাছে হার গার্দিওলার

কারাবাও কাপে টটেনহ্যামের কাছে হেরেছিল ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচে হারের পর দলের ইনজুরি সমস্যার কথা যুক্তি হিসেবে দেখিয়েছিলেন কোচ পেপ গার্দিওলা। এরপর প্রিমিয়ার লিগে বোর্নমাউথের কাছে হেরে ইনজুরির কথা না বলে গার্দিওলা বলেছিলেন প্রতিপক্ষের ভালো খেলার কথা। সেই ইনজুরি সমস্যা সঙ্গে করেই চ্যাম্পিয়নস লিগে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির বিপক্ষে খেলতে নেমেছিল ম্যানসিটি। ৭৩ শতাংশ বল নিজেদের দখলে রেখে, গোলে ২০টি শট নিয়েও জিততে পারেনি। ৪-১ গোলে হেরে গেছে। সিপির ভিক্টর গিয়োকেরেস করেছেন হ্যাটট্রিক। 

২০১৮ সালের এপ্রিলের পর এই প্রথম টানা তিন ম্যাচ হারের তিক্ত অভিজ্ঞতা হলো সিটির। এই ক্লাবে আট বছরের সাফল্যমণ্ডিত অধ্যায়ে মাত্র দ্বিতীয়বার এক মৌসুমে টানা তিন হারের তেতো স্বাদ পেলেন গার্দিওলা। তবে সিটির চোট সমস্যাও ফেলে দেওয়ার মতো নয়। মাঠের বাইরে আছেন রদ্রি, জ্যাক গ্রিলিশ, রুবেন দিয়াস ও জন স্টোনস। শুরুর একাদশে এখনো ফিরতে পারেননি কেভিন ডি ব্রুইন। স্পোর্টিংয়ের বিপক্ষে ম্যাচের ৮৪ মিনিটে বদলি হিসেবে নামেন ডি ব্রুইন। সামনেও যে কঠিন সময় অপেক্ষা করছে, বুঝতে পারছেন গার্দিওলা। তিনি বলেন, ‘কঠিন একটা মৌসুম হবে, আমরা শুরু থেকেই তা জানতাম। আমাকে (ছন্দপতনের) একটা ব্যাখ্যা খোঁজার চেষ্টা করতে হবে। কখনো কখনো তা কেবলই ফুটবলীয় কারণ। তেমন কিছু হলে আমাদের মেনে নিতে হবে। জীবন এমনই, খেলাধুলা এমনই।’

ম্যাচে অবশ্য শুরুতে এগিয়ে গিয়েছিল সিটিই। চতুর্থ মিনিটে ফিল ফোডেন গোল করেন। ৩৮ মিনিটে সমতায় ফেরে স্পোর্টিং ভিক্টর গিয়োকেরেসের গোলে। ১-১ সমতায় শেষ হবে প্রথমার্ধ। ৪৬ মিনিটে ব্যবধান বাড়ান ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। তিন মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ভিক্টর। ৮০ মিনিটে আবারও পেনাল্টি পায় স্পোর্টিং। ভিক্টর সফল স্পটকিকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন।

ম্যানইউয়ের দায়িত্ব নেওয়ার আগে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটির বিপক্ষে এমন জয়ে উৎফুল্ল সিপির কোচ রুবেন আমোরিম, ‘আমরা দ্বিতীয়ার্ধে কৌশলে কিছুটা পরিবর্তন করেছি। মাঝমাঠে আমাদের রক্ষণ আরও শক্তিশালী করেছি। তবে, ৩-১ হওয়া পর্যন্ত কোনো বড় পরিবর্তন হয়নি।  এটি যেন এমনই হওয়ার কথা ছিল। এটি আগে থেকেই লেখা ছিল।’

চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচে তিন জয়ে ১০ পয়েন্ট স্পোর্টিংয়ের। আর সিটির চার ম্যাচে ৭ পয়েন্ট।