বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘তরুণ আমাদের বিশ্বাস করতে হবে, বৃদ্ধ মা-বাবারা অসামর্থের পরিচয় দিয়েছেন। এখন পরিস্থিতি তাদের আমাদের কাঁধে ভর দিয়ে চলতে হবে। এজন্য আমাদের কাঁধকে শক্ত করতে হবে। তরুণ প্রজন্মকে নেতৃত্বের প্রস্তুতি নিতে হবে। আমার মনে হয় ভোটের বয়স ১৫ বছরে দেওয়া উচিত।
গতকাল বুধবার বিকেলে আকস্মিক সফরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
ক্ষমতার জন্য দেশে গণহত্যা চালানো হয়েছে উল্লেখ্য করে আরেক সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘পুলিশ থেকে মুখোমুখি গুলি করা হয়েছে। ৩০০ থেকে সাড়ে ৩০০ বুলেট লেগেছিল। সে মাত্র ১৮ বছরের ছেলে। তিন বছরের ছেলে মেয়েকে গুলি করে মারা হয়েছে। কয়েক মাসের বাচ্চাকে গুলি মারা হয়েছে। আমাদের কাছে অনেক বাবা কান্নাকাটি করে।’ তিনি বলেন, ‘আমাদের দলকানা হওয়া যাবে না। যে আপনাদের জন্য কাজ করে, আপনাদের জবাবদিহির জন্য প্রস্তুত থাকে, সে যেই হোক না কেন তাকে আপনার প্রতিনিধি হিসেবে বেছে নেবেন। আমরা যদি এই জায়গায় সচেতন না হই, তাহলে আর কারা হবে।’