ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে ১৫ বিলিয়ন ডলারের সম্পদ বেড়েছে ইলন মাস্কের। ফলাফল ঘোষণার পর রাতারাতি বাড়তে থাকে ইলন মাস্কের কোম্পানির শেয়ারের দাম। সিএনএনের এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।
ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ব্যাপক ভূমিকা পালন করেছেন মাস্ক। প্রচারণায় তিনি প্রায় ১১৯ মিলিয়ন ডলার ব্যয় করেছেন।
প্রতিবেদনে বলা হয়,মাস্কের বৈদ্যুতিক গাড়ি তৈরির কোম্পানি টেসলার শেয়ারের দাম বেড়েছে ৪১১ মিলিয়ন ডলার। টেসলার শেয়ারের মূল্য ১৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৈৗচেছে।
মাস্কের বেড়ে যাওয়া সম্পদ দিয়ে কী করতে পারেন, তারও একটি হিসেবে দিয়েছে সিএনএন। সংবাদমাধ্যমটি জানায়, মাস্ক এই ১৫ বিলিয়ন ডলার থেকে বিশ্বের সব মানুষকে এক ডলার করে দিলেও যে অর্থ থাকবে তা দিয়ে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের তিন বিলিয়ন ডলারের সম্পত্তিও কিনে নিতে পারেন। এছাড়া টেসলার তৈরি ব্যয়বহুল সাইবারট্রাকও যদি কেনেন তবে প্রায় এক লাখ ৮২ হাজার সাইবারট্রাক কিনতে পারবেন।