৪৮ ঘণ্টা পর ২০ বাংলাদেশি জেলেকে ফেরত আনলো বিজিবি

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটকের ৪৮ ঘণ্টা পর ২০ বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ৪ টায় নাফ নদী দিয়ে আটককৃতদের ফেরত আনা হয়। এর আগে ৫ নভেম্বর বেলা ৪ টায় অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের জলসীমার নাইক্ষ্যংদিয়া থেকে তাদের আটক করে নিয়ে যায় আরকান আর্মির সদস্যরা।

ফেরত আসা জেলেরা হলেন- টেকনাফের শাহপরীরদ্বীপের আলী আহমদের ছেলে শাহ আলম (২৮), শফি উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৮), নুরুল আলমের ছেলে আবদুস শুক্কুর (৩২), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোছন (৪৫), মৃত নাজির হোছনের ছেলে আয়ুব খান (৪৮), মৃত মো. ইউসুফের ছেলে নুর হোছন (৪৫), মৃত বশির আহমদের ছেলে মো. বেলাল (২৯), মৃত নুর আমিনের ছেলে সলিম (৩৫), মৃত জাকারিয়ার ছেলে আবদুল কাদের (২৫), মৃত সোলতান আহমদের ছেলে মো. হাশিম (৩৫), মো. আলমের ছেলে মো. হোছেন (২৮), ইলিয়াছের ছেলে মহি উদ্দিন (২৬), মো. ইউনুছের ছেলে এনায়েত উল্লাহ (৩০), মৃত মো. ইউনুছের ছেলে নুর হাফেজ (৪০), মৃত মছন আলীর ছেলে মো. ইয়াছিন (৩৫), আমির সাদুর ছেলে আবদু রহিম (৪৪), মৃত বাচা মিয়ার ছেলে হাছান আলী (৫৩), আবদু শুক্কুরের ছেলে ওসমান গণি (৩০), মহেষখালী উপজেলার নাছির উদ্দিনের ছেলে ইন্নামিন (২৭) এবং উখিয়া উপজেলার হাছন শরীফের ছেলে আবদু শুক্কুর (৪৬)।

বিজিবি জানায়, গেল ৫ নভেম্বর বিকেলে টেকনাফের শাহপরীরদ্বীপ ট্রলারঘাট এলাকা থেকে ২০ বাংলাদেশি জেলে ১৫টি ডিঙ্গি নৌকা এবং ২টি ইঞ্জিন চালিত নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যান। সে সময় জেলেরা মাছ ধরতে ধরতে ভুলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শুন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমার নাইক্ষ্যংদিয়া নামক স্থানে ঢুকে পড়ে। এ সময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে যায়। পরে বিজিবি আরাকান আর্মির সাথে যোগাযোগ করে আটকের ৪৮ ঘণ্টা পর তাদের ফেরত আনে।   

বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) বলেন, আটককৃতদের ফেরত আনার পর তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।