বিপ্লব উদ্যানের নতুন অবকাঠামো ভেঙে ফেলে সেখানে নাগরিকদের জন্য গ্রিন পার্ক নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে নগরীর দুই নম্বর গেইটের বিপ্লব উদ্যানে বিপ্লব উদ্যান এলাকা পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। এর আগে সেখানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
ডা. শাহাদাত বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ বিপ্লব উদ্যান থেকে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। উনি কর্নেল জানজুয়াকে হত্যা করে পাক হানাদার বাহিনীকে বলেছিলেন আমি বিদ্রোহ ঘোষণা করছি। উনি পাকিস্তানি আর্মির মেজর ছিলেন। বিদ্রোহ করার কারণে উনার কোর্ট মার্শাল হতে পারত। মৃত্যুর ঝুঁকি নিয়ে সেদিন উনি বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। সেটার জন্য এ বিপ্লব উদ্যান ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থান।
তিনি বলেন, বিপ্লব উদ্যানে মার্কেটের জন্য যে স্থাপনাগুলো করা হচ্ছে সেগুলো ভেঙে দেওয়া হবে। এখানে কোনো নতুন স্থাপনা হবে না। এখানে সবুজের সমারোহ হবে৷ এখানে আবারও পাখি ডাকবে। মানুষ হাঁটবে ও অক্সিজেন নেবে।