দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ: বাতিল চবির বিতর্কিত পদোন্নতি বোর্ড

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের পদোন্নতি বোর্ড বসার বিষয়ে সংবাদ প্রকাশিত হয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় ‘বিতর্কিতদের নিয়ে বসছে চবির পদোন্নতি বোর্ড, জানেন না ভিসি’ এই শিরোনামে সংবাদ প্রকাশের পর সকল বোর্ড স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পদন্নোতি বোর্ড বাতিলের বিষয়টি নিশ্চিত করেন চবি রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম। 

তিনি বলেন, বিভিন্ন বিভাগের পদন্নোতি বোর্ড স্থগিত করা হয়েছে। কারণ এসব বোর্ড বিতর্কিত ব্যক্তিদের নিয়ে গঠিত হওয়ার কারণে অনেক বেশি সমালোচনার সৃষ্টি হয়েছে। 

তিনি আরও বলেন, সদস্যরা বিতর্কিত হওয়ায় তাদের নিয়ে পদন্নোতি বোর্ড করা হলে ছাত্র-জনতা সেটা মেনে নিতো না। তাই স্থগিত করা হয়েছে পদন্নোতি বোর্ডগুলো। অতিদ্রুত সময়ের মধ্যে এসব বোর্ড নতুন সদস্যদের মাধ্যমে গঠন করা হবে। 

আগামী ১০ নভেম্বর জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের পদোন্নতি বোর্ড করার কথা ছিল। মনোবিজ্ঞান বিভাগের পদোন্নতি বোর্ড বসার কথা ছিল আগামী ১৪ নভেম্বর। এছাড়া আরবি বিভাগ, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের পদন্নোতি বোর্ড হওয়ার কথা ছিল। 

পূর্বের মনোনীত শিক্ষকদের দিয়ে গঠিত হওয়াতে এসব বোর্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ে বেশ আলোচনা সমালোচনা তৈরি হয়। সংশ্লিষ্টরা দাবি করেন, বিতর্কিত ব্যক্তিদের নিয়ে বসছে পদোন্নতি বোর্ড। তবে এসব বোর্ডের সদস্যরা সবাই আওয়ামী পন্থী শিক্ষক হওয়ায় সদস্যদের মধ্যে কতটুকু নিরপেক্ষতা বজায় থাকবে তা নিয়ে প্রশ্ন উঠে। তাছাড়া পদন্নোতি বোর্ডে বিতর্কিত এবং অবাঞ্ছিত শিক্ষকের পাশাপাশি দুর্নীতিগ্রস্ত ও ফ্যাসিবাদের দোসরদের স্থান দেওয়ার অভিযোগ উঠে।