মুখে ১০ সেলাই, বার্সা ডিফেন্ডারের ছবি দেখলে আঁতকে উঠবেন!

রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছিলেন বার্সেলোনার ডিফেন্ডার পাউ কিউবারসি। নিজেদের ডি-বক্সে বল ক্লিয়ার করার জন্য নিচু হয়ে হেড করতে গেলে প্রতিপক্ষ খেলোয়াড়ের লাথি লাগে তার মুখে। কিউবারসির মুখে এখন দশটি সেলাই পড়েছে।আঘাত পাওয়ার পর এবং সেলাইয়ের পর পাউ কিউবারসির মুখের অবস্থা।

১৬ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক কিউবারসির। এরই মধ্যে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচ খেলে ফেলেছেন। বেলগ্রেডের বিপক্ষে ম্যাচটিতে বার্সা ৫-২ গোলে জিতেছে। বল ক্লিয়ার করতে গিয়ে কিউবারসি নিচু হতেই প্রতিপক্ষের উরোস স্পাইচ কিক করেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কিউবারসি।সেলাইয়ের পর পাউ কিউবারসির মুখের অবস্থা।

মাঠে কিছুক্ষণ চিকিৎসার পর রক্তাক্ত মুখে রুমাল চেপে ধরে তিনি বাধ্য হয়ে মাঠ ছাড়েন। তখনই বোঝা যাচ্ছিল গুরুতর কিছুই হয়েছে, এবার জানা গেল, মুখে ১০ সেলাই লেগেছে বার্সেলোনা ডিফেন্ডারের। তবে তিনি ভালো আছেন বলেই জানিয়েছেন কোচ হান্সি ফ্লিক। এছাড়া কিউবারসি নিজেও সোশ্যাল মিডিয়ায় নিজের মুখের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি ভালো আছি।’