ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনও পরিবর্তন হবে না মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শুধু যে দলের ভিত্তিতে হয় তা তো না। কাজেই এটা বলা ঠিক হবে না, ট্রাম্প প্রশাসন এবং বাইডেন প্রশাসনের মধ্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হবে, আমি তা মোটেও মনে করি না।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এমনটি জানান তিনি।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের স্পিলিট করার প্রয়োজন নেই। আগামী দুই-তিন মাস দেখি। দুই মাস সময় তো আছে। তারপর উনি দায়িত্ব নেবেনে। দায়িত্ব নেওয়ার পর কী কী পদক্ষেপ নেন সেই অনুযায়ী আমাদের…উনি তো বলেন নাই বাংলাদেশের সঙ্গে ভালো করবেন বা খারাপ করবেন; কিছুই বলেন নাই।
তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শুধু যে দলের ভিত্তিতে হয়, তা তো না। আমাদের সঙ্গে বাইডেন প্রশাসনের যেসব বিষয় নিয়ে আলাপ চলছিল বা তাদের যেসব চাওয়া ছিল বা নেগোসিয়েশন হচ্ছিল সেগুলো পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের সঙ্গেও ছিল।
তিনি বলেন, ট্রাম্প প্রশাসন এবং বাইডেন প্রশাসনের মাঝে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হবে, তা আমি মোটেও মনে করি না। আমরা যোগাযোগ করার চেষ্টা করব। তারপর দেখা যাবে কী হয় বলেও উল্লেখ করেন তিনি।