শুটিংয়ের দৃশ্যে কঠিন স্ট্যান্টগুলো নিজে করতেই ভালোবাসেন সুনীল শেঠি। কোনো স্টান্টম্যান নেন না তিনি। তবে সম্প্রতি নিজে স্টান্ট করতে গিয়েই দুর্ভাগ্যজনকভাবে আঘাত পেলেন অভিনেতা। বিষয়টি নিয়ে এরই মধ্যে কলাকুশলীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
মুম্বাইয়ে শুটিং হচ্ছে তার ওয়েব শো হান্টারের। সেই সেটে গুরুতর চোট পেয়েছেন অভিনেতা। দুর্ঘটনাটি ঘটার সময় চার-পাঁচজন অ্যাকশন পারফর্মার ছিলেন এবং শুটিংয়ে তাদের সঙ্গে তীব্র লড়াই করছিলেন সুনীল। দৃশ্যটির জন্য একটি কাঠের পাটাতন ব্যবহার করার প্রয়োজন ছিল, কিন্তু একটি ভুল পদক্ষেপে সেই পাটাতনটি সুনীলের পাঁজরে আঘাত করে। ঘনিষ্ঠ সূত্রের খবর, জোর আঘাতের কারণে সুনীল যথেষ্ট ব্যথা পান। তার এ ধরনের অ্যাকশন সিকোয়েন্সের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও, আঘাতটি যথেষ্ট গুরুতর হওয়ায় যথেষ্ট উদ্বেগ তৈরি করেছে।
সূত্রের খবর, ঘটনার পরপরই সেটে একজন ডাক্তারতে ডেকে আনা হয়। সঙ্গে সঙ্গেই এক্স-রেও করা হয় সুনীল শেঠির।
সুনীল শেঠিকে সামনে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাতে দেখা যাবে। যেখানে তিনি তার পুরনো বন্ধু অক্ষয় কুমার এবং পরেশ রাওয়ালের সঙ্গে জুটি বেঁধেছেন।