প্রধান বিচারপতির সঙ্গে সারাহ কুকের সাক্ষাৎ

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুকসহ দুই সদস্যের প্রতিনিধি ঘণ্টাব্যাপী অবস্থান করেন। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে সারাহ কুক সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার প্রাতিষ্ঠানিকীকরণে প্রধান বিচারপতি কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সারা কুক আশা প্রকাশ করেন প্রধান বিচারপতির ঘোষিত রোডম্যাপের আওতায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, অধস্তন আদালতের বিচারকদের বদলি ও প্রদায়ন নীতিমালা প্রণয়ন, উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বাধীন কমিশন প্রতিষ্ঠার উদ্যোগ বিচার বিভাগের আধুনিকায়নে কার্যকর ভূমিকা রাখবে। এ ছাড়া তিনি বিচার বিভাগ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান বিচারপতি যুক্তরাজ্যের হাইকমিশনারকে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তার (প্রধান বিচারপতি) অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের বিচার বিভাগ দৃঢ়প্রতিজ্ঞ মর্মে আশ্বাস দেন।

সাক্ষাৎকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মশিয়ার রহমান উপস্থিত ছিলেন।