রাজধানীর গে-ারিয়া থানাধীন এলাকায় দুজন চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তাররা হলেন জালাল সরদার ওরফে মাইকেল (২১), ফজলে রাব্বি ওরফে কালা (২৫) ও মো. ইমরান (৩০)।
পুলিশ বলছে, গ্রেপ্তার জালাল সরদার ওরফে মাইকেল যাত্রী সেজে গভীর রাতে অটোরিকশা ভাড়া করেন। পরে তার সুবিধামতো নির্জন এলাকায় গিয়ে চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যান। পরে সেসব রিকশা কম টাকায় বিক্রি করে অটোরিকশা ছিনতাই চক্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন।
ডিসি বলেন, গে-ারিয়া এলাকায় গত ২১ সেপ্টেম্বর রাতে রিকশাচালক জিন্নাহকে (৬০) এবং ১৫ অক্টোবর রিকশাচালক আনোয়ারকে (৪০) হত্যা করে তাদের অটোরিকশা ছিনতাই করে একটি অসাধু চক্র। এ ঘটনায় পৃথক হত্যা মামলা হলে তদন্ত শুরু করে থানা-পুলিশ। দুটি মামলার ঘটনা বিশ্লেষণের কথা উল্লেখ করে তিনি বলেন, দুটি ঘটনারই অপরাধের কৌশল একই। পুলিশ নিশ্চিত হয় একটি নির্দিষ্ট অপরাধী চক্র এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত। তদন্তে পুলিশ নিশ্চিত হয় গ্রেপ্তার জালাল সরদার ওরফে মাইকেল এই চক্রের অন্যতম সদস্য। পরে গত ২৪ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল দুটি হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি জানান, আঞ্জুমান কবরস্থানের পাশে অটোরিকশাচালক জিন্নাহ হত্যার ঘটনায় তার সঙ্গে গ্রেপ্তার ফজলে রাব্বি কালাও ছিলেন। কিন্তু অটোরিকশাচালক আনোয়ারকে হত্যাসহ রিকশা ছিনতাইয়ের ঘটনা তিনি একাই করেছেন। ছিনতাই করা অটোরিকশা গে-ারিয়ার মো. ইমরান (৩০) নামেন একজনের কাছে ১৩ হাজার টাকায় বিক্রি করেন। ছিনতাই হওয়া অটোরিকশা কেনার অপরাধে তাকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। দুটি মামলারই সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।