কুমিল্লার আদর্শ সদরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার ৫নং পাঁচথুবি ইউনিয়নের শালধর (সামারচর) এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতওয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম।
নিহতরা হলেন, একই এলাকার মফিজ মিয়ার ছেলে মো. সামিউল (৪) ও মজিদ মিয়ার ছেলে মো. ওমর (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দুই ভাই একসাথে পুকুরের পাড় দিয়ে মাদ্রাসা যাওয়ার সময় সামিউল পুকুরে পড়ে যায়। তখন সামিউলকে বাঁচাতে গিয়ে তার চাচাতো ভাই ওমরও পানিতে পড়ে যায়। পরবর্তীতে সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় সামিউল ও ওমর এর মৃতদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। তৎক্ষণিক স্থানীয় লোকজন তাদেরকে পানি থেকে উদ্ধার করে। ততক্ষণে দুইজনই মৃত্যুর কোলে ঢলে পড়ে।
কুমিল্লা কোতওয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পেরেছি।