অফিসে ঢুকে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার দাউদ খান

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও দস্যুতার মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি ও ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার শিহাব করিম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ২৮ অক্টোবর রাজধানীর আদাবর থানার বাইতুল আমান হাউজিং সোসাইটি ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের চতুর্থ তলায় অফিসে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও দস্যুতার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আদাবর থানায় ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদের নাম উল্লেখসহ একটি মামলা দায়ের করেন।’

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘মামলায় জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে আদাবর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে।

দাউদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।