ফেনী পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি কুমিল্লায় গ্রেপ্তার

কুমিল্লায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমানকে (শিপন) গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় তাকে বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ১০ টার দিকে বুড়িচং বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। উপজেলায় হরিপুর গ্রামে তার বাড়ি।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক। শুক্রবার দুপুরে তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।  

ওসি আজিজুল হক জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হাবিবুর বুড়িচং উপজেলার নাজিরা বাজারসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর হামলাকারীদের পক্ষে অবস্থান নেন। ফেনীতেও তিনি ওই আন্দোলনের বিরুদ্ধে কাজ করেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।