প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

চট্টগ্রামে প্রেমিকের সঙ্গে ঘুরতে এসে এক তরুণী (১৭) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার মিরসরাইয়ের মহামায়া লেক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিয়াজ উদ্দিন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (নভেম্বর) ভোরে উপজেলার মিঠাছড়া বাজার এলাকা থেকে তাকে  গ্রেপ্তার করা হয়। রিয়াজ উদ্দিন উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ এলাকার  মো. ইউসুফের ছেলে। একই ঘটনায় অভিযুক্ত মো. ফরহাদ (২৬) ও রবিন (২৫) নামের রিয়াজের দুই বন্ধুকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মিরসরাই থানায় একটি ধর্ষণ মামলা করেন।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আবদুল কাদের জানান, বৃহস্পতিবার দুপুরে ফেনী থেকে মহামায়া লেকে ঘুরতে আসেন প্রেমিক যুগল। এ সময় পার্কের ভেতর একটি পাহাড়ে একান্ত সময় কাটানোর সময় তাদের অনুসরণ করে তিন বখাটে। এক পর্যায়ে তারা প্রেমিককে ধরে রেখে ওই কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে তারা বিষয়টি মহামায়া লেকের টিকিট কাউন্টারে জানালে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধর্ষণের ঘটনায় জড়িতরা মিরসরাই উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা। ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে রিয়াজ উদ্দিন নামে একজনকে শুক্রবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।