জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘৫ আগস্টের পর আরেকটি বিপ্লব হবে, আর সেটা হবে ইসলামের বিপ্লব। সে জন্য সব রুকন ভাইবোনদের প্রস্তুত থাকতে হবে।’
কুষ্টিয়ার শহরতলি মোল্লাতেঘরিয়া এলাকায় জামায়াতের সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাম পরওয়ার। দলটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরে সাংবাদিকদের মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ফ্যাসিবাদের দীর্ঘ ১৫ বছরে রাষ্ট্রের সব অর্গান অপরাধে অপবিত্র হয়ে গিয়েছিল। ফ্যাসিবাদী যুগ দুর্নীতিগ্রস্ত ছিল। অপরাধী, খুনি, অর্থ পাচার, লুটপাট, চাঁদাবাজি ও মাস্তানির মাস্টার মাইন্ড ছিল ফ্যাসিবাদ শাসক শেখ হাসিনা।’
তিনি বলেন, ‘কেবল তিন মাস হয়েছে ফ্যাসিবাদের বিদায়। কিন্তু সেই অপরাধ প্রবণতা ১০০ ভাগ বিদায় হয়নি। এখনও ছোটখাটো কিছু অপরাধ হচ্ছে। আমরা এই বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি। জামায়াতে ইসলামী অন্যায়কে প্রশ্রয় দেয় না। অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় দৃঢ় থাকবে। আমাদের লক্ষ হচ্ছে আল্লাহতালার বিধান এবং নবীর আদর্শে একটি কল্যাণকর রাষ্ট্র কায়েম করা। সেই রাষ্ট্রে সকল ধর্ম বর্ণের মানুষের কল্যাণ থাকবে।’
এ সময় সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম, জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন প্রমুখ।