স্বপন রায় আমুর আইনজীবী নন, মারধর হয়নি

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেছেন, ‘আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর আইনজীবীকে মারধর করা হয়নি। যারা তার প্রকৃত আইনজীবী, তারা আদালতে এ কথা বলেছেন।’ গতকাল শুক্রবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন পিপি ওমর ফারুক। একটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর রিমান্ড শুনানিতে গত বৃহস্পতিবার ঢাকার আদালতের এজলাস কক্ষে এক আইনজীবীকে মারধরের ঘটনা ঘটে।

পরে আইনজীবী স্বপন রায় চৌধুরী সাংবাদিকদের কাছে দাবি করেন যে তিনি আমির হোসেন আমুর আইনজীবী। তাকে কথা বলতে না দিয়ে মারধর করে বের করে  দেওয়া হয়েছে।

আইনজীবী স্বপন রায় চৌধুরীর এ বক্তব্য সঠিক নয় বলে দাবি করে পিপি ওমর ফারুক ফারুকী সংবাদ সম্মেলেনে বলেন, স্বপন রায় চৌধুরী আমির হোসেন আমুর আইনজীবী নন। তার পক্ষে আদালতে কোনো ওকালতনামাও নেই।’

ওমর ফারুক ফারুকী বলেন, ‘যে আইনজীবী নিজেকে আমির হোসেন আমুর আইনজীবী বলে দাবি করেছেন, তিনি গতকাল (বৃহস্পতিবার) মাঝখান থেকে হঠাৎ সামনে চলে আসেন। পরে তিনি (আইনজীবী স্বপন রায় চৌধুরী) বক্তব্য দেওয়া শুরু করেন। কিন্তু তাকে দুপক্ষের কেউই (আমির হোসেনের পক্ষে একাধিক ব্যক্তি আদালতে ওকালতনামা দেন) কিন্তু আইনজীবী হিসেবে ওউন (নিজেদের বলে স্বীকার করা) করেননি। ওদের পক্ষ থেকে টানাটানি শুরু করল। এভাবে একটা টানা-হ্যাঁচড়া শুরু হলো। এরপর ধস্তাধস্তি হলো। তিনি চলে যান, সেটা দুই পক্ষ চাইছিল। একপর্যায়ে তাকে বের করে দেওয়া হয়। এরপর দুপক্ষ মিলে মামলার শুনানি শুরু করেন। আমির হোসেন আমুর আইনজীবী শাহিনও বক্তব্য রেখেছেন। ঝালকাঠি থেকে যারা এসেছেন, তারাও বক্তব্য দিয়েছেন। তারা দীর্ঘক্ষণ বক্তব্য দিয়েছেন।’

পিপি ওমর ফারুক ফারুকী আরও বলেন, ‘পরে নিচে এসে তিনি (আইনজীবী স্বপন রায় চৌধুরী) দাবি করলেন, তাকে শুনানি করতে দেওয়া হয়নি। কিন্তু তিনি কে? তিনি তো আমির হোসেন আমুর পক্ষে ওকালতনামা দেননি। যারা আমির হোসেন আমুর পক্ষে শুনানি করেছেন, তারা তাকে ওউন করেননি। যিনি আসামি, তিনিও তাকে ওউন করেননি।’