রাজধানীর আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মাসুদ ওরফে দাউদ খান। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি ও ৫ হাজার টাকা উদ্ধার করা। গতকাল শুক্রবার র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার শিহাব করিম এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৮ অক্টোবর রাজধানীর আদাবর থানার বাইতুল আমান হাউজিং সোসাইটি ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের চতুর্থ তলায় অফিসে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও দস্যুতার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আদাবর থানায় ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের নাম উল্লেখসহ একটি মামলা করেন।
এএসপি শিহাব করিম আরও বলেন, মামলায় জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায়, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২-এর একটি অভিযানিক দল ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে আদাবর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যউপাত্ত বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।