ইসকনকে নিষিদ্ধের দাবি হেফাজতের

হিন্দুধর্মীয় সংগঠন ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ নেতারা বলেছেন, ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়। ইসকন একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন। ইসকনকে বিভিন্ন দেশে ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান তারা। গতকাল শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ থেকে এই দাবি জানান কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সংগঠনটির নেতাকর্মীরা।

চট্টগ্রাম নগরের হাজারি গলিতে ওসমান মোল্লা নামে এক ব্যবসায়ীর দোকানে ‘হামলা-ভাঙচুরের’ ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগর শাখা।

হেফাজত নেতারা বলেন, ইসকন সনাতনের কোনো ধর্মীয় সংগঠন নয়। এটি ইহুদি ও খ্রিস্টানদের লালিত-পালিত জঙ্গি সংগঠন।

সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী বলেন, ‘ফ্যাসিবাদ পতনের পর থেকে দেশে যতগুলো ক্রাইসিস (সংকট) সামনে আসছে, আমরা তাদের অন্তর্নিহিত খবর নিয়ে দেখতে পাই, এগুলোর পেছনে আওয়ামী লীগ জড়িত। তাদের দোসররা জড়িত, ভারতীয় এজেন্টরা জড়িত। যখনই আমরা কোনো বিশৃঙ্খলা দেখব, ঐক্যবদ্ধভাবে সেগুলো প্রতিহত করব।’

সমাবেশে হেফাজতে ইসলাম নেতা আনোয়ারুল রব্বানি বলেন, ‘ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় হেফাজতে ইসলাম বাংলাদেশ আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা সাজিদুর রহমান, মওলানা সাঈমুল্লাহ প্রমুখ।