নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে বৃদ্ধের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়েছে এক বৃদ্ধের। তার নাম নুরুল হক। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের ভাজাবুনিয়া এলাকায় সীমান্তের জিরো লাইনে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা নুরুল কবির জানান, জুমার নামাজের আগে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) সীমান্তের জিরো লাইনে চলাচলের রাস্তায় এসে বিভিন্ন জায়গায় মাইন বসিয়ে চলে যায়। জুমার নামাজের পরে বিকট শব্দ হলে স্থানীয়রা দেখতে পায় এক বৃদ্ধ ঘটনাস্থলে কাতরাচ্ছেন। এ সময় ভাজাবুনিয়ার প্রয়াত আব্দু শুক্কুরের ছেলে আনুসহ কয়েকজন গিয়ে আহত নুরুল হককে উদ্ধার করে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।

ভাজাবুনিয়ার বাসিন্দা আনু বলেন, ‘দুপুর ২টার দিকে সীমান্তের জিরো লাইনে মাইন বিস্ফোরণে নুরুল হক বাম পা হারান। তিনি রোহিঙ্গা নাগরিক।’