রায়পুরা ম্যারাথনে দেশ বিদেশের ৭০০ দৌড়বিদ

নরসিংদীর ইতিহাসে সবচেয়ে বেশি দৌড়বিদের অংশগ্রহণে হয়ে গেল ‘রায়পুরা ম্যারাথন’। গতকাল শুক্রবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত এ আয়োজনে তিন ক্যাটাগরিতে অংশ নেন দেশ-বিদেশের ৭০০ দৌড়বিদ।

ভোর সাড়ে ৪টায় উপজেলা পরিষদ থেকে শুরু হয় এই ম্যারাথন। এর আগে অনানুষ্ঠানিকভাবে রায়পুরার রানার্স কমিউনিটি দুবার হাফ ম্যারাথনের আয়োজন করেছিল। রায়পুরা রানার্স কমিউনিটির উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় নরসিংদীর ইতিহাসে এটাই প্রথম ফুল ম্যারাথন। যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, রাশিয়া, চীন, জাপান ও চেক রিপাবলিকের ১৫ নাগরিকসহ ৭০০ দৌড়বিদ এতে অংশ নেন। এর মধ্যে ফুল ম্যারাথনে ৪২ কিলোমিটারে ১০০, হাফ ম্যারাথনে ২১ কিলোমিটারে ৩০০ এবং ১০ কিলোমিটার ম্যারাথনে ৩০০ প্রতিযোগী অংশ নেন। তবে এ ম্যারাথনে ১ হাজার দৌড়বিদ নিবন্ধন করেছিলেন বলে জানিয়েছে আয়োজক কমিটি। ম্যারাথনে বিজয়ীদের মেডেল, সনদ ও গাছের চারা দেওয়া হয়।

ভোরে রায়পুরা উপজেলা পরিষদ মাঠে একত্রিত হন নিবন্ধন করা দৌড়বিদরা। ভোর সাড়ে ৪টায় রায়পুরা উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের হাসনাবাদ ১০ নম্বর  সেতু এলাকা হয়ে ফের উপজেলা পরিষদে এসে দৌড় শেষ হয়। প্রতিযোগীদের নিরাপত্তায় পুলিশ, আনসার, গ্রাম পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যসহ ২০০ স্বেচ্ছাসেবী নিয়োজিত ছিলেন। চিকিৎসাসেবার জন্য অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম কাজ করেছে।

এ ম্যারাথন ঘিরে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কসহ শ্রীরামপুর রেলগেট থেকে রায়পুরা বাজার সড়কে মধ্যরাত থেকে বেলা ১১টা পর্যন্ত সব ধরনের যানচলাচল বন্ধ রাখা হয়।

ফুল ম্যারাথনের চ্যাম্পিয়ন পাবনার ইমরান হাসান বলেন, ‘২০২৩ সালে রায়পুরা হাফ ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছিলাম, ২০২৪ সালেও ফুল ম্যারাথনে আমি চ্যাম্পিয়ন হয়েছি।’ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতা মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে তরুণদের দূরে থাকতে ভূমিকা রাখবে। 

রায়পুরা ম্যারাথন আয়োজক কমিটির সভাপতি আখতারুজ্জামান বলেন, ‘যুবসমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ ও মোবাইল ফোন আসক্তি থেকে ফেরাতে আমাদের এই উদ্যোগ। দেশের সার্বিক পরিস্থিতি ভালো থাকলে আগামীতে আরও বড় পরিসরে আন্তর্জাতিক পর্যায়ে ম্যারাথনের আয়োজন করা হবে।’

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ ছাড়া জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন, নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান মনির, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।