না.গঞ্জে যুবদল নেতা হত্যা

স্বেচ্ছাসেবক দলের নেতা ও সাবেক স্ত্রী রিমান্ডে

নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে সাবেক যুবদল নেতা আনোয়ার হোসেন আনু হত্যা মামলার আসামি ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদকে জিজ্ঞাসাবাদে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়াও নিহতের সাবেক স্ত্রী পাপিয়া আক্তার পান্নারও ১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথীর আদালতে গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর আগে বৃহস্পতিবার রাজধানী ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করলেও গতকাল সন্ধ্যায় বিষয়টি জানায় পিবিআই।

পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার শাহবাগ এলাকা থেকে বৃহস্পতিবার রাসেল মাহমুদ ও পাপিয়া আক্তার পান্নাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বিকেলে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে আদালত রাসেল মাহমুদের ২ দিন ও পান্নার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

গত ২৬ আগস্ট রাতে শহরের মাসদাইর শেরে বাংলা রোডের কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন সেঞ্চুরি হেলেনা অ্যাপার্টমেন্টের নিচে লিফটের খালি জায়গায় জমে থাকা পানিতে ভাসমান আনোয়ার হোসেন আনুর লাশ উদ্ধার করা হয়। এর আগে দুপুর থেকে নিখোঁধজ ছিলেন তিনি। ওই ভবনের ৯ম তলার ভাড়াটিয়া ছিলেন তিনি। আনোয়ার নাসিকের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের ছোট ভাই এবং মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি। ওই ঘটনায় ২৭ আগস্ট নিহতের বড় ভাই আবুল কাশেম বাদশা বাদী হয়ে নিহতের ভাগ্নে স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেলকে প্রধান আসামি করে একটি হত্যামামলা করেন। ওই মামলার আসামিদের মধ্যে রয়েছেনÑফতুল্লার বিসিক শিল্পনগরীর মার্টিন গার্মেন্টসের গলি এলাকার বাসিন্দা গোল মোহাম্মদের পুত্র রাসেল মাহমুদ (৪২), শহরের বাবুরাইল এলাকার করিম মিয়ার মেয়ে ও নিহতের প্রাক্তন স্ত্রী পাপিয়া আক্তার পান্না (৪২), নিহতের মেয়ে জান্নাত আরা জাহান প্রেরণা (২১), নিহতের পুত্র সারিদ  হোসেন (১৯) ও শহরের বাবুরাইল এলাকার করিম মিয়ার ছেলে নুর আলম ।