পাকিস্তানে রেল স্টেশনে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ২০

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শনিবার সকালে বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় একটি রেলস্টেশনে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ট্রেন স্টেশনে আসার ঠিক আগ মূহুর্তে রেলওয়ে স্টেশনের বুকিং অফিসে বিস্ফোরণটি ঘটে। স্টেশনের মানুষের ভিড় থাকার কারণে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটেছে।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সকাল ৯টায় জাফর এক্সপ্রেস পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে ট্রেনটি প্ল্যাটফর্মে আসার আগ মূহুর্তেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

কর্মকর্তারা বলছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

কোয়েটার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অপারেশন মুহাম্মদ বালোচ বলেন, বোমা বিস্ফোরণটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি প্রাণঘাতী ঘটনার তদন্ত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এছাড়া এই প্রদেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করার সংকল্প পুনর্ব্যক্ত করেছেন তিনি।

এছাড়া প্রাণঘাতী ঘটনার নিন্দা করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ ইউসুফ রাজা গিলানি বলেন, যেসব সন্ত্রাসীরা নিরীহ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করে, তারা মানবতার শত্রু। সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূলের জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়ার সংকল্প পুনর্ব্যক্ত করেন তিনি।