চট্টগ্রামের এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) রাত ১২টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিইপিজেড অংশে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলের সঙ্গে রেলিংয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন দুই আরোহী। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সিইপিজেড ফায়ার স্টেশনের টিম লিডার নূর হোসেন বলেন, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।